দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অবৈধ অর্থ দাবি ও সেবা/ কাজকে কেন্দ্র করে আর্থিক হয়রানির অভিজ্ঞতা নথিবদ্ধ করার লক্ষ্যে চালু হয়েছে নতুন অনলাইন প্ল্যাটফর্ম চাঁন্দাবিডি ডটকম (chandabd.com)। মঙ্গলবার (২৫ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিদেশি বিভিন্ন নাগরিক-রিপোর্টিং প্ল্যাটফর্ম থেকে অনুপ্রাণিত হয়ে এবং ঘুস সংক্রান্ত অভিযোগ নথিবদ্ধের প্ল্যাটফর্ম ঘুস ডট সাইটের অভিজ্ঞতার ভিত্তিতে উদ্যোগটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আরও পড়ুন ‘ঘুস সাইটে’ ৩ দিনে ১৮৯৪ অভিযোগ, ২৫ কোটি ৬১ লাখ টাকা ঘুসের তথ্য প্ল্যাটফর্মটিতে নাগরিকরা নাম-পরিচয় প্রকাশ না করে চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন, নির্মাণকাজ বা ব্যবসাকে কেন্দ্র করে অবৈধ অর্থ দাবির অভিজ্ঞতা জানাতে পারবেন। অভিযোগে ঘটনার এলাকা, সময়, সংশ্লিষ্ট খাত বা ঘটনার ধরন, দাবিকৃত অর্থের পরিমাণ এবং ঘটনার সংক্ষিপ্ত বিবরণ যুক্ত করার সুযোগ থাকবে। তবে উদ্যোক্তারা জানিয়েছেন, ওয়েবসাইটে জমা পড়া তথ্যকে কোনোভাবেই আদালতগ্রাহ্য প্রমাণ, তদন্তের ফলাফল বা যাচাইকৃত অপরাধের ঘোষণা হিসেবে বিবেচনা করা যাবে না। এটি মূলত নাগরিক অভিজ্ঞতার একটি উন্মুক্ত নথি, যার মাধ্যমে কোন এলাকা বা খাতে এ ধরনের অভিযোগ বেশি আসছে— সে বিষয়ে একটি প্রাথমিক চিত্র পাওয়া সম্ভব। আরও পড়ুন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী ভুল তথ্য, ব্যক্তিগত আক্রমণ, কারও ব্যক্তিগত ঠিকানা, ফোন নম্বর বা অপ্রাসঙ্গিক পরিচয় প্রকাশ রোধে অভিযোগগুলো প্রকাশের আগে মডারেশনের আওতায় আনা হবে। কোনো নির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে অভিযোগ থাকলেও সেটি প্রমাণিত তথ্য হিসেবে উপস্থাপন করা হবে না। চাঁন্দাবিডি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের উদ্দেশ্য কাউকে অপমান বা অপরাধী ঘোষণা করা নয়। বরং, নাগরিকদের অভিজ্ঞতা দায়িত্বশীলভাবে নথিবদ্ধ করা, সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে সমস্যার ধরন তুলে ধরা। ইএইচটি/কেএসআর

Source: Jago News 24 Bangla