কলেজের ডিগ্রি না থাকায় চাকরির ক্ষেত্রে বারবার পিছিয়ে পড়ছিলেন ৩৪ বছর বয়সী গাইলস সিমস। কিন্তু স্ত্রী ও বিধবা মায়ের দায়িত্ব সামলে চার বছর ধরে কর্মক্ষেত্রের বাইরে থাকা তার পক্ষে সম্ভব ছিল না। তাই চাকরি হারানো এই ওয়েব ডেভেলপার বেছে নেন যুক্তরাষ্ট্রে ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠা তিন বছর মেয়াদি স্নাতক ডিগ্রি কর্মসূচির একটি। সিমস বলেন, চার বছর কর্মক্ষেত্রের বাইরে থাকার সামর্থ্য আমার নেই। সময়টা আমার কাছে যেন অনেক দীর্ঘ মনে হয়েছে। তিন বছরের ডিগ্রি হওয়ায় বিষয়টি তুলনামূলক কম ভীতিকর মনে হয়েছে। সিমস বর্তমানে সল্ট লেক সিটির বেসরকারি প্রতিষ্ঠান এনসাইন কলেজের শিক্ষার্থী। প্রতিষ্ঠানটি সম্প্রতি তাদের সব ব্যাচেলর ডিগ্রির জন্য প্রচলিত চার বছর মেয়াদি ডিগ্রির তুলনায় কমসংখ্যক কোর্স সম্পন্ন করার ব্যবস্থা করেছে। যুক্তরাষ্ট্রে এসব সংক্ষিপ্ত মেয়াদের ডিগ্রি কর্মসূচির জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান র্যান্ডের তথ্য অনুযায়ী, চলতি বছরের বসন্ত পর্যন্ত যুক্তরাষ্ট্রের ২৬টি অঙ্গরাজ্যে অন্তত একটি করে কলেজ রয়েছে, যেখানে কম ক্রেডিটের তিন বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রি দেওয়া হচ্ছে। সমর্থকদের দাবি, উচ্চশিক্ষার ক্রমবর্ধমান ব্যয় সংকট মোকাবিলায় এসব কর্মসূচি একটি সম্ভাব্য সমাধান। বিশেষ করে, সিমসের মতো অপ্রচলিত বয়স বা পরিস্থিতির শিক্ষার্থীদের জন্য এটি বড় সুযোগ। তবে সমালোচকদের উদ্বেগ ভিন্ন। তাদের আশঙ্কা, কম সময়ে ডিগ্রি সম্পন্ন করতে গিয়ে শিক্ষার্থীদের শেখার পরিধি অতিরিক্ত সংকুচিত হয়ে যেতে পারে। এ ধরনের ডিগ্রি নিয়ে নিয়োগকর্তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে, উচ্চশিক্ষায় পরবর্তী ধাপে ভর্তির সুযোগ সীমিত হতে পারে ও যেসব পেশায় অঙ্গরাজ্যের লাইসেন্স প্রয়োজন, সেখানে জটিলতা তৈরি হতে পারে। আমেরিকান অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রফেসরস বা এএইউপি মনে করে, এ ধরনের কর্মসূচি কলেজ ডিগ্রির মূল্য ও অর্থকে খাটো করছে। সংগঠনটির সভাপতি টড উলফসনের ভাষায়, এটি কোনো উদ্ভাবন নয়। এটি কেবল শর্টকাট নেওয়া। দ্রুত ডিগ্রি সম্পন্ন করার কর্মসূচি অবশ্য যুক্তরাষ্ট্রের কলেজগুলোতে নতুন নয়। কয়েক দশক ধরেই বিভিন্ন প্রতিষ্ঠান এমন কর্মসূচি চালু রেখেছে, যেখানে দীর্ঘ গ্রীষ্মকালীন ছুটি বাদ দেওয়া, আগের প্রতিষ্ঠানের ক্রেডিট সর্বোচ্চ মাত্রায় স্থানান্তর এবং পুরো সেমিস্টারের কোর্স পাঁচ থেকে ১০ সপ্তাহের সংক্ষিপ্ত সময়ে শেষ করার সুযোগ রয়েছে। তবে সেসব কর্মসূচিতে ক্রেডিটের হিসাবে মোট কোর্সের পরিমাণ একই থাকতো। নতুন কর্মসূচিগুলোর পার্থক্য হলো, এখানে শিক্ষার্থীরা মাত্র ৯০ ক্রেডিট সম্পন্ন করেই ডিগ্রি শেষ করতে পারেন। প্রচলিত ব্যাচেলর ডিগ্রির সাধারণ ১২০ ক্রেডিটের তুলনায় এটি এক বছর কমিয়ে দেয়। যুক্তরাজ্য, ভারত, ফ্রান্স ও ইতালিসহ বিভিন্ন দেশে তিন বছর মেয়াদি ব্যাচেলর বা স্নাতক ডিগ্রি বেশ প্রচলিত। তবে এসব ডিগ্রি নিয়ে যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি হতে গেলে কিছু জটিলতা তৈরি হতে পারে। কারণ দেশটির কিছু গ্র্যাজুয়েট স্কুলে অতিরিক্ত কোর্স সম্পন্ন করার শর্ত রয়েছে। ‘এ হিস্ট্রি অব আমেরিকান হায়ার এডুকেশন’ বইয়ের লেখক জন থেলিন বলেন, ঔপনিবেশিক আমেরিকার প্রথম দিকের কিছু কলেজ ইংল্যান্ডের অক্সফোর্ড ও কেমব্রিজের আদলে গড়ে উঠেছিল ও সেসব প্রতিষ্ঠানে শুরুতে তিন বছর মেয়াদি ডিগ্রি চালু ছিল। তবে উনিশ শতকে যুক্তরাষ্ট্রে চার বছর মেয়াদি ডিগ্রি কাঠামো প্রতিষ্ঠিত হয়ে যায়। এর অন্যতম কারণ ছিল, কলেজে ভর্তির আগে শিক্ষার্থীদের প্রস্তুত করার মতো প্রতিষ্ঠিত সরকারি উচ্চবিদ্যালয় ব্যবস্থা তখনো গড়ে ওঠেনি। থেলিন বলেন, কলেজগুলোকে এক অর্থে শুরু থেকেই শিক্ষার্থীদের তৈরি করতে হতো। যুক্তরাষ্ট্রে আবার তিন বছর মেয়াদি ডিগ্রি চালুর ধারণাটি নতুন করে আলোচনায় আসে ২০০৯ সালে। ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার গ্র্যাজুয়েট স্কুল অব এডুকেশনের ইনস্টিটিউট ফর রিসার্চ অন হায়ার এডুকেশনের প্রতিষ্ঠাতা পরিচালক রবার্ট জেমস্কি নিউজউইকের প্রচ্ছদ প্রতিবেদনে যুক্তি দেন, তিন বছর মেয়াদি ডিগ্রি যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষাব্যবস্থার ভেঙে পড়া কাঠামোয় বড় পরিবর্তন আনতে পারে। তবে তখন বড় বাধা হয়ে দাঁড়ায় স্বীকৃতিদানকারী সংস্থাগুলো। জেমস্কি সম্প্রতি সেই সময়ের কথা স্মরণ করে বলেন, স্বীকৃতিদানকারীরা বলেছিলেন, কলেজ ডিগ্রি মানে ১২০ ক্রেডিট, ৯০ ক্রেডিট নয়। এরপর বহু বছর কেটে যায়। ২০২২ সালে কলেজ শিক্ষার ব্যয় নিয়ে উদ্বেগ বাড়তে থাকলে জেমস্কি আবার এ ধারণা নিয়ে কাজ শুরু করেন। তখন গড়ে ওঠে ‘কলেজ-ইন-থ্রি এক্সচেঞ্জ’। শিক্ষার্থীদের দ্রুত ডিগ্রি সম্পন্ন করার সুযোগ তৈরির উপায় খুঁজতে উচ্চশিক্ষার কয়েক ডজন প্রতিষ্ঠান এই নেটওয়ার্কে যোগ দেয়। ২০২৩ সালে নর্থওয়েস্ট কমিশন অন কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিজ প্রথম স্বীকৃতিদানকারী সংস্থা হিসেবে কম ক্রেডিটের ডিগ্রি কর্মসূচিতে অনুমোদন দেয়। ওই বছর এনসাইন কলেজ ও ব্রিগহাম ইয়াং ইউনিভার্সিটি-আইডাহোর কর্মসূচি অনুমোদন করা হয়। পরে দ্রুত অন্য স্বীকৃতিদানকারী সংস্থাগুলোও একই পথে হাঁটে। র্যান্ডের বিশ্লেষণ অনুযায়ী, মে পর্যন্ত যুক্তরাষ্ট্রে কম ক্রেডিটের ১১৯টি ডিগ্রি কর্মসূচি প্রকাশ্যে ঘোষণা করা হয়েছে। ওহাইওতে এ ধরনের ডিগ্রির বাস্তবায়নযোগ্যতা যাচাইয়ে শিক্ষাবিষয়ক কর্মকর্তাদের সহায়তা করার উদ্দেশ্যে ওই গবেষণা পরিচালিত হয়েছিল। এই পরিবর্তন এমন এক সময়ে আসছে, যখন উচ্চশিক্ষার ব্যয় নিয়ে উদ্বেগ বাড়ছে। কলেজ বোর্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রের সরকারি কলেজগুলোতে অঙ্গরাজ্যের বাসিন্দা শিক্ষার্থীদের জন্য গড়ে টিউশন ও ফি ছিল ১১ হাজার ৯৫০ ডলার। অন্যদিকে বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠানে এই ব্যয় গড়ে ৪৫ হাজার ডলার। যদিও অনেক শিক্ষার্থী ছাড় পাওয়ায় তাদের প্রকৃত খরচ এর চেয়ে কম হয়। কম ক্রেডিটের ডিগ্রি কর্মসূচির প্রায় তিন-চতুর্থাংশই পরিচালনা করছে বেসরকারি অলাভজনক শিক্ষাপ্রতিষ্ঠান। এর অনেকগুলো অনলাইনভিত্তিক। সাধারণত ঐচ্ছিক বিষয় বা ইলেকটিভ কমিয়ে মূল বিষয়ভিত্তিক কোর্সগুলোকে সংক্ষিপ্ত করা হয়। মার্কেটিং ও ম্যানেজমেন্টসহ ব্যবসায়িক বিষয়গুলোর তিন বছর মেয়াদি ডিগ্রি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এর পরেই রয়েছে কম্পিউটার ও তথ্যবিজ্ঞানভিত্তিক ডিগ্রি। তবে সব বিষয়ে ডিগ্রির সময়সীমা কমানো সহজ নয়। উদাহরণ হিসেবে প্রকৌশল শিক্ষায় ব্যাপক গণিতভিত্তিক পাঠ্যক্রম থাকায় তা সংক্ষিপ্ত করা তুলনামূলক কঠিন। অন্যদিকে বাস্তব অভিজ্ঞতা ও অঙ্গরাজ্যভিত্তিক লাইসেন্সের প্রয়োজন থাকায় শিক্ষক প্রশিক্ষণে র্যান্ড মাত্র ছয়টি কম ক্রেডিটের ডিগ্রি খুঁজে পেয়েছে। ৪২ বছর বয়সী জিল কোহেন কলোরাডোর প্রত্যন্ত ইয়োডার এলাকায় একটি খামারে বসবাস করেন। তিনি ইন্ডিয়ানা ওয়েসলিয়ানের এমনই একটি কর্মসূচির মাধ্যমে শিক্ষকতার ডিগ্রি সম্পন্ন করছেন। খামারের একটি দুর্ঘটনায় প্রায় প্রাণ হারানোর পর তিনি জীবনবিমা বিক্রির আগের চাকরি ছেড়ে শিক্ষকতায় আসার সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি বিশেষ ‘গ্রো ইয়োর ওন’ কর্মসূচির মাধ্যমে ডিগ্রি সম্পন্ন করছেন। শিক্ষকসংকট মোকাবিলার উদ্দেশ্যে এই কর্মসূচি তৈরি করা হয়েছে। পড়াশোনার পাশাপাশি তিনি ইতোমধ্যে একটি মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি পড়াচ্ছেন। যমজ দুই ১২ বছর বয়সী সন্তান ছাড়াও তার বাড়িতে ঘোড়া, ছাগল ও মুরগিসহ নানা প্রাণী রয়েছে। ফলে ব্যস্ত জীবনে সংক্ষিপ্ত ডিগ্রি কর্মসূচিটি তার জন্য বিশেষভাবে সুবিধাজনক। তবে যেসব ডিগ্রি শেষ করতে অঙ্গরাজ্যভিত্তিক লাইসেন্স প্রয়োজন, সেগুলো নিয়েই সবচেয়ে বেশি উদ্বিগ্ন র্যান্ডের নীতিবিষয়ক গবেষক জেনা ক্রেমার। ইন্ডিয়ানা ওয়েসলিয়ান জানিয়েছে, তাদের শিক্ষকতা কর্মসূচিগুলো বিশেষভাবে ইন্ডিয়ানার লাইসেন্সিং শর্ত পূরণ করেই তৈরি করা হয়েছে। তবে অন্য অঙ্গরাজ্যের শিক্ষার্থীদের নিজেদের রাজ্যের শর্তের সঙ্গে এই কর্মসূচি সামঞ্জস্যপূর্ণ কি না, তা যাচাই করতে হবে। ই-মেইলে প্রতিষ্ঠানটির যোগাযোগবিষয়ক পরিচালক পাম ডাউনিং এ তথ্য জানান। র্যান্ডের প্রতিবেদনে আরও বলা হয়েছে, তিন বছর মেয়াদি এসব কর্মসূচি এতটাই নতুন যে, এই ডিগ্রিধারীদের যুক্তরাষ্ট্রের গ্র্যাজুয়েট স্কুলে ভর্তির ক্ষেত্রে এখনো কোনো অভিন্ন বা নির্ধারিত নিয়ম গড়ে ওঠেনি। মিলওয়াকির ক্যাথলিক নারী শিক্ষাপ্রতিষ্ঠান মাউন্ট মেরি ইউনিভার্সিটির কম ক্রেডিটের ডিজিটাল মার্কেটিং কর্মসূচিতে পড়ছেন ২০ বছর বয়সী গ্যাব্রিয়েলা স্টেটেন। তার ধারণা, এই কর্মসূচির মাধ্যমে অন্তত ২০ হাজার ডলার সাশ্রয় হবে। তবে কখনো কখনো তার মনে প্রশ্ন জাগে, নিয়োগকর্তারা তিন বছর মেয়াদি ডিগ্রিকে চার বছর মেয়াদি ডিগ্রির মতো গুরুত্ব দেবেন কি না। তারপরও তিনি মনে করেন, নিজের কাজ দিয়েই তিনি যোগ্যতা প্রমাণ করতে পারবেন। স্টেটেন বলেন, তারা যদি তিন বছর মেয়াদি ডিগ্রিকে কিছুটা কম গুরুত্বও দেয়, আমি আমার কাজ দিয়ে তাদের অন্যভাবে ভাবতে বাধ্য করতে পারবো। এনসাইন কলেজে অ্যাকাউন্টিংয়ে ব্যাচেলর অব অ্যাপ্লায়েড সায়েন্স করছেন ওয়েসলি হার্ডি। তিনি এরই মধ্যে তিনটি সেমিস্টার শেষ করেছেন। তিন বছর মেয়াদি ডিগ্রির সবচেয়ে বড় সুবিধা হিসেবে তিনি দ্রুত কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগকে দেখছেন। তবে ২২ বছর বয়সী হার্ডি একই সঙ্গে এই ব্যবস্থার কিছু সীমাবদ্ধতাও দেখছেন। তিনি ভবিষ্যতে সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট বা সিপিএ হওয়ার কথাও ভাবছেন। কিন্তু সিপিএ হওয়ার শর্ত যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যভেদে ভিন্ন। অনেক অঙ্গরাজ্যে পরীক্ষায় অংশ নিতে ১২০ সেমিস্টার ঘণ্টা ও লাইসেন্স পেতে ১৫০ ঘণ্টা শিক্ষাক্রম সম্পন্ন করতে হয়। এ কারণে অনেকের ক্ষেত্রেই গ্র্যাজুয়েট পর্যায়ের পড়াশোনা প্রয়োজন হয়ে পড়ে। এনসাইন কলেজের সভাপতি ব্রুস কুশ বলেন, তিনি একাধিক কলেজের সভাপতির সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন এবং তিন বছর মেয়াদি ডিগ্রিধারীদের জন্য গ্র্যাজুয়েট স্কুলে ভর্তি বড় সমস্যা হবে বলে তিনি মনে করেন না। সূত্র: এবিসি নিউজ এসএএইচ
Source: Jago News 24 Bangla

