পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার। শুধু ক্রিকেটের মাঠেই নয়, একসময় বলিউডেও পা রাখার সুযোগ পেয়েছিলেন। এমনকি বলিউড সুপারস্টার সালমান খানের কাছ থেকেও সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রস্তাব ফিরিয়ে দেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’খ্যাত এই ক্রিকেটার। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন সেই কারণ। আরও পড়ুন নিজের বাড়িতেই খুন হলেন মডেল ভারত-পাকিস্তানের সম্পর্ক যখন তুলনামূলক ভালো ছিল, তখন বলিউডে কাজের প্রস্তাব পেয়েছিলেন শোয়েব। ‘গ্যাংস্টার’ সিনেমায় অভিনয়ের জন্যও তাকে ভাবা হয়েছিল। তবে ইমরান হাশমির চরিত্রে নয়, সিনেমাটির অন্য একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে। শোয়েব জানান, অভিনয়ের সুযোগ পেলেও ক্রিকেটের সঙ্গে এই পেশা একসঙ্গে চালিয়ে যাওয়া তার কাছে কঠিন মনে হয়েছিল। কারণ ক্রিকেটের মৌসুমে দীর্ঘ সময় মাঠে থাকতে হতো। আবার সিনেমায় অভিনয় করতে গেলে মাসের পর মাস শুটিংয়ে সময় দিতে হতো। ফলে দুটি পেশার মধ্যে কোনো একটিকে বেছে নেওয়ার পরিস্থিতি তৈরি হতো। এ প্রসঙ্গে সাবেক এই পাক ক্রিকেটার বলেন, ‘আমি দুটি আলাদা জগৎ একসঙ্গে সামলাতে পারতাম না।’ তার ভাষ্য, ছয়-সাত মাস ক্রিকেট খেলার পর আবার ছয়-সাত মাস শুটিং করা তার পক্ষে সম্ভব ছিল না। শোয়েব আরও জানান, কয়েকজন পরিচালক তাকে খলনায়কের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। তাদের কেউ কেউ বলেছিলেন, খলনায়কের চরিত্রে অভিনয় করতে খুব বেশি কিছু করতে হবে না। কিন্তু বিষয়টি নিয়ে ভেবেচিন্তে শেষ পর্যন্ত অভিনয়ের দুনিয়ায় না যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সালমান খানের কাছ থেকেও সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন শোয়েব। তবে একই কারণে সেই প্রস্তাবও ফিরিয়ে দেন। পাশাপাশি বলিউডে অভিনয় করলে অভিনেত্রীদের সঙ্গে তার নাম জড়িয়ে নানা ধরনের আলোচনা তৈরি হতে পারে- এমন আশঙ্কার কথাও জানান তিনি। সালমান খানের প্রতি নিজের মুগ্ধতার কথাও সাক্ষাৎকারে তুলে ধরেন শোয়েব। তার মতে, শারীরিক গঠনের দিক থেকে তাকে কিছুটা সালমানের মতো দেখতে হলেও মানুষ হিসেবে সালমান তার চেয়ে অনেক ভালো। শোয়েবের ভাষায়, সালমান অত্যন্ত ভালো মনের মানুষ। তিনি প্রচুর দান করেন এবং অসংখ্য মানুষকে সাহায্য করেন। এমনকি নিজের জীবন নিয়ে সিনেমা তৈরি হলে সেখানে সালমান খানই তার চরিত্রে অভিনয় করুন- এমন ইচ্ছার কথাও জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার। আরও পড়ুন ১০০ বার অডিশন দিয়ে বাদ পড়েও আজ ইউটিউবের আয়ে কিনছেন বাড়ি অর্থাৎ, বলিউডে পা রাখার একাধিক সুযোগ এলেও ক্রিকেটের প্রতি নিজের দায়বদ্ধতা এবং দুই জগত একসঙ্গে সামলাতে না পারার কারণেই শেষ পর্যন্ত রুপালি পর্দায় দেখা যায়নি ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’কে। এলআইএ
Source: Jago News 24 Bangla

