রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম বিজয়ী ঘোষণার সঙ্গে সঙ্গে সরকারি দলের সংসদ সদস্যরা মুহুর্মুহু করতালি ও টেবিল চাপড়ে তাকে অভিনন্দন জানান। এসময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ফুল দিয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতিও এসময় সবার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। আরও পড়ুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল এরপর বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধীদলের সিনিয়র নেতারা এগিয়ে এলে মির্জা ফখরুল ইসলাম নিজের আসন ছেড়ে সামনে এগিয়ে যান। প্রথমে তিনি বিরোধীদলীয় নেতার সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন। পরে বিরোধীদলের উপ-নেতাসহ অন্যান্য সিনিয়র নেতারাও নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা জানান। এসময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানও নিজের আসন ছেড়ে অধিবেশন কক্ষের মাঝখানে চলে যান। সেখানে তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন। পরে বিরোধীদলীয় নেতার সঙ্গেও কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এমওএস/এমআইএইচএস/
Source: Jago News 24 Bangla

