‘মস্তিষ্কখেকো অ্যামিবা’ নামে পরিচিত বিরল এক অণুজীবের সংক্রমণে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, বাড়ির কাছের একটি লেকে সাঁতার কাটার সময় সে এই অ্যামিবার সংস্পর্শে আসে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায়। শিশুটির নাম লিলিয়ান স্মার্ট। লুইজিয়ানার রাস্টন শহরে পরিবারের সঙ্গে থাকত সে। আট বছর বয়সে পা রাখার কিছুদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লিলিয়ানের পরিবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, সংক্রমণের কারণে তার মস্তিষ্কে মারাত্মক ফোলাভাব দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত মস্তিষ্কের ক্ষতি এতটাই গুরুতর হয়ে যায় যে তার শরীর আর তা সামলাতে পারেনি। হ্রদে সাঁতার কাটার পর অসুস্থ লুইজিয়ানা স্বাস্থ্য বিভাগ গত সপ্তাহে জানায়, রাজ্যের এক বাসিন্দা সম্ভবত Naegleria fowleri নামের এই অ্যামিবায় আক্রান্ত হয়েছেন। ধারণা করা হচ্ছে, রাস্টন শহর থেকে প্রায় ৩০ মাইল উত্তর-পশ্চিমে লেক ক্লেইবোর্নে সাঁতার কাটার সময় তিনি আক্রান্ত হন। স্বাস্থ্য বিভাগ আক্রান্ত ব্যক্তির নাম প্রকাশ করেনি। তবে লিলিয়ানের পরিবার ও বন্ধুরা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তিটি লিলিয়ানই। গত সপ্তাহে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় লিলিয়ানকে। পরে তার দৃষ্টিতে সমস্যা ও ডাবল ভিশন দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। কীভাবে সংক্রমণ হয়? Naegleria fowleri সাধারণত উষ্ণ মিঠাপানিতে বাস করে। পানির সঙ্গে এই অণুজীব নাক দিয়ে শরীরে ঢুকে মস্তিষ্কে পৌঁছালে গুরুতর সংক্রমণ হতে পারে। তবে এই পানি পান করলে সাধারণত সংক্রমণ হয় না। একইভাবে আক্রান্ত ব্যক্তি থেকে অন্য ব্যক্তির শরীরেও এটি ছড়ায় না। লুইজিয়ানা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই সংক্রমণ অত্যন্ত বিরল, তবে আক্রান্ত হলে প্রায় সব ক্ষেত্রেই তা প্রাণঘাতী। যুক্তরাষ্ট্রে মাত্র ১৮০টি নিশ্চিত সংক্রমণ স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১৯৩৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে মাত্র ১৮০টি সংক্রমণ নিশ্চিত হয়েছে। একই সময়ে লুইজিয়ানায় আক্রান্তের সংখ্যা ছিল মাত্র তিনজন। তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রের উত্তর ও মধ্য-পশ্চিমাঞ্চলের পানির তাপমাত্রা বাড়ছে। ফলে ভবিষ্যতে এসব এলাকাতেও এই অ্যামিবার বিস্তার বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুরুতে সাধারণ জ্বর-ব্যথার মতো লক্ষণ যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (CDC) জানিয়েছে, সংক্রমণের শুরুতে মাথাব্যথা, জ্বর, বমি বমি ভাব ও বমি হতে পারে। পরে রোগ দ্রুত গুরুতর আকার ধারণ করতে পারে। তখন ঘাড় শক্ত হয়ে যাওয়া, বিভ্রান্তি, হ্যালুসিনেশন ও ভারসাম্য হারানোর মতো উপসর্গ দেখা দিতে পারে। লিলিয়ানের ক্ষেত্রেও জ্বরের পর দ্রুত তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। শেষ পর্যন্ত মস্তিষ্কে গুরুতর ক্ষতির কারণে তাঁর মৃত্যু হয়। বিরল হলেও সতর্কতা জরুরি স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, Naegleria fowleri সংক্রমণ অত্যন্ত বিরল। উষ্ণ মিঠাপানিতে সাঁতার কাটলেই যে কেউ এতে আক্রান্ত হবে, এমন নয়। তবে উষ্ণ হ্রদ বা পুকুরে সাঁতার কাটার সময় পানি যেন নাক দিয়ে শরীরে না ঢোকে, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। লিলিয়ানের মৃত্যু আবারও দেখিয়ে দিল, অত্যন্ত বিরল হলেও উষ্ণ মিঠাপানিতে থাকা এই অণুজীব মানুষের জন্য ভয়াবহ হয়ে উঠতে পারে। সূত্র: সিএনএন এমএসএম

Source: Jago News 24 Bangla