গুগলের নতুন পিক্সেল ১১ সিরিজের স্মার্টফোন বাজারে এসেছে। নতুন সিরিজে পিক্সেল ১১, পিক্সেল ১১ প্রো, পিক্সেল ১১ প্রো এক্সএল এবং পিক্সেল ১১ প্রো ফোল্ড-এই চারটি মডেল রয়েছে। আগের পিক্সেল ফোনের পরিচিত ডিজাইন ধরে রাখলেও নতুন সিরিজে ক্যামেরা, প্রসেসর, সফটওয়্যার এবং ফোনের গঠনে বেশ কিছু পরিবর্তন এনেছে গুগল। পিক্সেল ১১-এ থাকছে ৬.৩ ইঞ্চির ডিসপ্লে। ফোনটির নতুন ম্যাট ব্ল্যাক সংস্করণে দেওয়া হয়েছে এমন ফিনিশ, যাতে হাতে ধরলে ভালো গ্রিপ পাওয়া যায়। ফ্রেমেও আগের তুলনায় প্রিমিয়াম ভাব আনার চেষ্টা করা হয়েছে। ফোনটি খুব বেশি ভারী নয়, ফলে দীর্ঘ সময় ব্যবহারেও স্বাচ্ছন্দ্য পাওয়ার কথা। পিক্সেল ১১ সিরিজের অন্যতম বড় পরিবর্তন হলো নতুন টেনসর জি৬ চিপসেট। এর সঙ্গে বিভিন্ন মডেলে পাওয়া যাচ্ছে ১২জিবি ও ১৬জিবি র‍্যাম। পিক্সেল ১১ এবং পিক্সেল ১১ প্রো-এর ২৫৬জিবি স্টোরেজ সংস্করণে ১২জিবি র‍্যাম রয়েছে। আবার পিক্সেল ১১ প্রো-এর ৫১২জিবি মডেল এবং পিক্সেল ১১ প্রো ফোল্ড-এ থাকছে ১৬জিবি র‍্যাম। বেশি র‍্যাম থাকায় একসঙ্গে একাধিক অ্যাপ চালানো, ভারী কাজ করা কিংবা মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে ফোনগুলো ভালো পারফরম্যান্স দিতে পারে। আরও পড়ুন আইফোনের যে সুবিধা পাবেন অ্যান্ড্রয়েডে নতুন পিক্সেল ফোনগুলোতে অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। গুগল দীর্ঘ সময় সফটওয়্যার ও নিরাপত্তা আপডেট দেওয়ার প্রতিশ্রুতিও রেখেছে। সাত বছরেরও বেশি সময় আপডেট পাওয়ার সুবিধা থাকায় দীর্ঘদিন একই ফোন ব্যবহার করতে চান এমন ক্রেতাদের জন্য এটি গুরুত্বপূর্ণ হতে পারে। পিক্সেল সিরিজের অন্যতম আকর্ষণ সবসময়ই ক্যামেরা। এবার পিক্সেল ১১ সিরিজেও ক্যামেরায় পরিবর্তন আনা হয়েছে। নতুন ৪৮ মেগাপিক্সেলের মেইন সেন্সর আগের তুলনায় বেশি আলো ধরতে পারবে বলে দাবি করা হয়েছে। বিশেষ করে কম আলো বা রাতে ছবি তোলার সময় ছবি আরও পরিষ্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাটারির ক্ষেত্রে অবশ্য বড় কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। ফোনগুলোতে ৫,০০০এমএএইচ-এর কম ক্ষমতার ব্যাটারি থাকছে। তারযুক্ত চার্জিং সর্বোচ্চ ৩০ ওয়াট পর্যন্ত। তবে কিউআই ২.২ ওয়্যারলেস চার্জিংয়ের মাধ্যমে সর্বোচ্চ ২৫ ওয়াট গতিতে চার্জ করা যাবে। আরও পড়ুন সারাক্ষণ ফোনের ডাটা অন রেখে ভুল করছেন না তো? পিক্সেল ১১ সিরিজের মডেলভেদে দামেও বেশ পার্থক্য রয়েছে। দেওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে কম দামের মডেল পিক্সেল ১১-এর দাম শুরু হচ্ছে ৮৯ হাজার ৯৯৯ টাকা থেকে। অন্যদিকে সিরিজের সবচেয়ে দামি ফোন পিক্সেল ১১ প্রো ফোল্ড-এর দাম ১ লাখ ৮৬ হাজার ৯৯৯ টাকা। কেএসকে

Source: Jago News 24 Bangla